শরণখোলায় গৃহবধু খুন ॥ দু’সন্তানকে নিয়ে স্বামী উধাও
বাগেরহাটের শরণখোলায় লাকি (২৮) নামে এক গৃহবধু খুন হয়েছে। ঘটনার পরপরই লাকির স্বামী নুরুল আমিন দু’সন্তানকে নিয়ে উধাও হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত পৌনে ৪টার দিকে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের আ. হক চৌকিদারের ছেলে নূরুল আমিন তার শ্যালক নুরুল ইসলামকে মোবাইল ফোনে জানায়, স্ত্রী লাকি গুরুতর অসুস্থ্য। এ সময় নুরুল ইসলাম প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারে ঘরের মধ্যে লাকির নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নুরুল আমিন তার দু’সন্তানকে নিয়ে কোথায় গেছে- তা কেউ বলতে পারেনা। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরী করেন। লাকি উপজেলার কালিবাড়ি এলাকার খলিল হাওলাদারের মেয়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুদেব পাল জানান, পারিবাবিক কলহকে কেন্দ্র করে তার স্বামী লাকিকে কুপিয়ে হত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য ডালিম সিকদার জানান, ওই পরিবারে আগে থেকেই দাম্পত্য কলহ ছিল। এর পূর্বে লাকি একাধিকবার লাপাত্তা হয়েছিল। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে স্বামী খুনের ঘটনা ঘটাতে পারে বলে এলাকায় ছড়িয়ে পড়েছে।
শরণখোলা থানার ওসি (তদন্ত) শেখ মফিজুর রহমান জানান, এ ঘটনায় লাকির স্বামী নুরুল আমিনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
