নাজিরপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে সংবর্ধনা
জেলার নাজিরপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের এমপি এডভোকেট শ. ম. রেজাউল করিম এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রাজলক্ষ্মী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাজলক্ষ্মী শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় শ ম রেজাউল করিমকে এ সংবর্ধনা দিয়েছে রাজলক্ষ্মী শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন।
রাজলক্ষ্মী শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুকুমার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান আতিয়ার প্রমূখ।
উপস্থিত ছিলেন, পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, পিরোজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার প্রমূখ।
আলোচনা সভা শেষে মন্ত্রী রাজলক্ষ্মী শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
