পিরোজপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা
পিরোজপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুর এর সহযোগিতায় রবিবার দুপুর সাড়ে ১২টায় সিভিল সার্জনের কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফারুক আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পিরোজপুর সদর হাসপাতালের সেবায় স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ ও সেবার সার্বিক মানোন্নয়নের জন্য তথ্য ও অনুসন্ধান কেন্দ্র কার্যকরীকরণ, ওয়েবসাইটে তথ্য হালনাগাদকরণ, অভিযোগ গ্রহণ ও তথ্য প্রদান রেজিষ্টার বিষয়, অভিযোগ নিরসন কমিটি ও নির্দেশনা সংক্রান্ত, ডাক্তারদের শুন্যপদ পূরণ, অনিয়মের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলে তা প্রকাশ করা, নারীসেবা বিষয়ক আলাদা তথ্যবোর্ড স্থাপন ও নারীসেবা বিষয়ক অবকাঠামো উন্নয়ন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি কার্যকরীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যাসমূহ সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সনাক সহ-সভাপতি ও স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এম. এ রব্বানী ফিরোজ, সনাক সদস্য এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ও স্বজন সদস্য তসলিমা রশীদ, নার্সিং সুপারিনটেনডেন্ট আকলিমা বেগম প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. আবুল বাশার আকন। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন।
