সন্ধ্যা নদীর ভাঙ্গন রোধে কার্যকারি ব্যবস্থা নেয়া হবে।… পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) মো. জাহিদ ফারুক বলেছেন, স্বরূপকাঠী উপজেলার সন্ধ্যা নদী বিশাল এক নদী। এত বড় নদীর দু’পাড় একসাথে রক্ষা করা সম্ভব নয়। তাই আমরা চাই নদীর যে সমস্ত এলাকায় বাজার, স্কুল রয়েছে ভাঙ্গন রোধে সেগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার দুপুরে তিনি স্বরূপকাঠীর সন্ধ্যা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী সরকারি স্বরূপকাঠি কলেজ মসজিদে জুম্মা’র নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে উপজেলার ইন্দুরহাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরবর্তী কৌরিখাড়া, নান্দুহার, দক্ষিন সোহাগদল ও নদীর শর্ষিনা এলাকা পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নদী ভাঙ্গন কবলিত এলাকা ঘুরে ঘুরে পরিদর্শন করা হচ্ছে। ভাঙ্গন কবলিত এলাকার গুরুত্বপূর্ন জায়গাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বরূপকাঠী উপজেলার সন্ধ্যা নদীর ভাঙ্গনরোধে পরিদর্শনে আসা হয়েছে।
প্রতিমন্ত্রী কর্নেল (অব:) মো. জাহিদ ফারুক নদী ভাঙ্গন পরিদর্শনে এলে ইন্দুরহাট লঞ্চঘাটে তাকে স্বাগত জানান সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস. এম ফুয়াদ, স্বরূপকাঠী পৌরসভার মেয়র মো. গোলাম কবির।
