প্রধান সূচি

মোড়েলগঞ্জে খড়ের গাদায় অগ্নিসংযোগ ॥ মামলার ভয়ে এলাকা পুরুষ শূন্য

বাগেরহাটের মোড়েলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে মামলার ভয়ে এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। ফলে আতংকে দিন কাটাচ্ছে এলাকার নারী ও শিশুরাও।

শুক্রবার দুপুরে মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের উত্তর কুমারিয়া জোলা গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই গ্রামের শুনিল কবিরাজের ছেলে সুজন কবিরাজ নিজে তার খড়ের গাদায় আগুন দিয়ে ও মিথ্যা হামলার নাটক সাজিয়ে প্রতিপক্ষদের ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ এলাকাবাসির। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে এলাকাবাসি উত্তর কুমারিয়া জোলার রাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের করে।

এলাকাবাসি জানান, স্থানীয় দিনেশ বারুইয়ের একটি জমি সুজন কবিরাজ অবৈধ ভাবে দখল করে রেখেছে। ইউনিয়ন পরিষদ ও স্থানীয়রা একাধিকবার শালিশ বৈঠক করে ওই জমি ছেড়ে দেয়ার জন্য আনুরোধ জানিয়েছে। এতে সে এলাকাবাসির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার ওই জমির মালিক কাজের লোক নিয়ে জমিতে গেলে সুজনের স্ত্রী তাদের উপর চড়াও হয়। পরে প্রকাশ্যে দিবালোকে সবার সামনে সে তার খড়ের গাদায় অগ্নিসংযোগ করে এবং নিজের স্ত্রীর হাতের শাখা ভেঙ্গে ফেলে। শুক্রবার রাতে মিথ্যা মামলায় হয়রানি হওয়ার ভয়ে এলাকার পুরুষেরা আত্মগোপনে চলে যায়।

স্থানীয় জনশক্তি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিকাশ চন্দ্র মিস্ত্রি ও পাঁচগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিনাক মুখার্জী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সুজন কবিরাজ নিজের খড়ের গাদায় অগ্নিসংযোগ করে এলাকাবাসিকে হয়রানি করার হুমকী দিয়েছে। তাই শুক্রবার রাতে এলাকার পুরুষরা বাড়িতে না ঘুমিয়ে পালিয়ে ছিল। সকালে আবার এলাকায় ফিরে প্রতিবাদ করেছে। সুজন কবিরাজ এর আগেও নিজের মাছের ঘেরের বাসায় আগুন দিয়ে এলাকার অনেকের নামে মিথ্যা মামলা দিয়েছিল বলে তারা জানান।

গৃহিনী মিনতি মিত্র জানান, সুজনের মামলার ভয়ে তাদের বাড়ির পুরুষরা রাতে বাড়িতে ঘুমায় নি। সারারাত তারা আতংকের মধ্যে ছিলেন।

পঞ্চকরণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আ. জলিল খান জানান, এই ঘটনাটি একটি ন্যাক্কারজনক ঘটনা। সুজন কবিরাজ এলাকাবাসিদের হয়রানি করতে প্রকাশ্যে নিজের খড়ের গাদায় আগুন দিয়েছে। এই গ্রামের পুরুষরা সারারাত এলাকায় ছিলেন না বলে তিনি জানান।

পঞ্চকরণ ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মজুমদার বলেন, এলাকাবাসিদের সাথে নিয়ে সকল কাগজপত্র দেখে একাধিকবার ওই জমিটি নিয়ে সালিশ বৈঠক করা হয়েছে। কিন্তু সুজন কবিরাজ কোন কিছুই মানতে চায় না। সে এলাকাবাসিদের হয়রানি করতে স্থানীয়দের সবার সামনে তার খড়ের গাদায় আগুন দিয়েছে। তাই মিথ্যা মামলার ভয়ে গত রাতে এলাকার পুরুষরা অন্যত্র পালিয়ে ছিল। এ ঘটনার পর শনিবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

মোড়েলগঞ্জ থানার ওসি তদন্ত ঠাকুর দাস মন্ডল জানান, অভিযোগ পেয়ে শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে ওই ঘড়ের গাদায় আগুন দেয়া হয়েছে বলে এলাকাবাসির সাথে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial