ইন্দুরকানীতে প্রতিপক্ষের হামলায়
১৩ মাসের শিশুসহ একই পরিবারের ৬ জন আহত
ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় ১৩ মাসের শিশুসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাতেই পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার কালাইয়া গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে তার ভাই জাকির মাতুব্বর, নাসির মাতুব্বর, কাওসার মাতুব্বর, হালিম মাতুব্বর ও তাদের সহযোগীরা একই গ্রামের রুস্তুম আলী শেখের পরিবারের উপর হামলা চালিয়ে ৬ জনকে আহত করে। হামলায় রুস্তুম আলী শেখ, তার ছেলে রফিকুল ইসলাম শেখ, ইউনুস আলী শেখ, ফারুক হোসেন শেখ, পুত্রবধূ সুমা বেগম ও ১৩ মাস বয়সী নাতনী ইশরাত গুরুতর আহত হয়।
আহত ইউনুস আলী শেখ জানান, জাহাঙ্গীর মাতুব্বর ও তার ভাই ভাড়া করা লোকজন নিয়ে পরিকল্পিত ভাবে হামলা করে আমার শিশু কন্যাসহ আমাদের পিটিয়ে আহত করেছে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, হামলার ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
