ইউনিয়ন পর্যায়ে প্রত্যয় প্রকল্পের সচেতনতা সভা অনুষ্ঠিত
পিরোজপুরে যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে নারী ও শিশু সংবেদনশীল শিক্ষা ও স্বাস্থ্য সেবা খাতের উন্নয়ন বিষয়ে প্রত্যয় প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলাধীন ১নং শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম। বিশেষ অতিথি ছিলেন ডা. এসকে মজুমদার কৃষি ও কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক শাহী সেকেন্দার। শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিকদারমল্লিক ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নির্বাচিত ইউপি মহিলা সদস্য, ইউপি সদস্য, শিক্ষক, এসএমসি সদস্য, পিটিএ সদস্য, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রের এফডাব্লিউভি, কমিউনিটি ক্লিনিকের সিএইসসিপি, স্টুডেন্ড কেবিনেটের সভাপতি/সম্পাদক, এনজিও প্রতিনিধি, সরসারী কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্বাগত বক্তব্য এবং প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বর্ননা করেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতি নির্বাহী পরিচালক জিয়াউল আহসান। সভায় একটি ধারনা পত্র উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা এবং শিক্ষাখাতে অনেক উন্নয়ন করেছেন। প্রতি ছয় হাজার লোকের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। এগুলোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে প্রত্যন্ত অঞ্চলে জনগণ স্বাস্থ্য সেবা পায়। তিনি বলেন মাতৃ স্বাস্থ্য সেবা, শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা এবং সামাজিক উন্নয়ন ইউনিয়নব্যাপী চলমান রয়েছে। তিনি বলেন, সঠিক নেতৃত্বের অভাবে যুব শক্তি বিপদগামী হচ্ছে। সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সমাজের ইতিবাচক পরিবর্তন মানে সকলের স্বাস্থ্যসেবার সুযোগ পাবে। বাল্যবিবাহ বন্ধ, যৌন হয়রানীসহ সকল প্রকার নারী নির্যাতন বন্ধ, মাধ্যমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ারোধ করতে হবে।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত ঔষধ দেয়া হয়। তার পরেও যদি চিকিৎসা সেবা বিষয়ে কারও কোন অভিযোগ বা মতামত থাকে আমাকে জানাতে পারবেন। প্রধান অতিথি বলেন সন্ত্রাস, মাদকাশক্ত ও জঙ্গিবাদ রোধে আমাদের সমাজের যুবরা দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আমি আশা করি। শিক্ষা এবং স্বাস্থ্য এ দুটি খুবই গুরুত্বপূর্ন বিষয়। ইউনিয়নব্যাপী এই দুটি সেবা খাতের উন্নয়নের লক্ষ্যে পিরোজপুর গণ উন্নয়ন সমিতি যুবদের নিয়ে কাজ করে আসছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
বাংলাদেশ ফায়ারস্টার্টার ইনিশিয়েটিভ (বিএফআই) ও প্রত্যয় প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশের সহযোগিতায় পিরোজপুর গণ উন্নয়ন সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
