পিরোজপুর শহরে অগ্নিকান্ড ॥ ৬টি দোকান ভষ্মীভূত
পিরোজপুর শহরের ক্লাব রোডের একটি মার্কেটে শুক্রবার সকালে অগ্নিকান্ডে ৬টি দোকান ভষ্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। তাবে পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হক জানান, এ অগ্নিকান্ডে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে একটি রেক্সিনের
দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানের মধ্যে রয়েছে- রেক্সিনের দোকান, ফলের দোকান, ফাস্ট ফুডের দোকান, জেবি মেডিকেল হল, বইয়ের লাইব্রেরী ও সেলুন।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব অভিযোগ করেন, দেরিতে বিদ্যুতের লাইন বন্ধ করায়, ফায়ার সার্ভিসের কাজ কিছুটা বিলম্বিত হয়েছে।
