মিরাজুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. মিরাজুল ইসলাম (মিরাজ) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহ আল মাসুদ প্রার্থীতা প্রত্যাহার করে নিলে পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান একক প্রার্থী হিসেবে মো. মিরাজুল ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৬ মার্চ মনোনয়নপত্র বাছাইকালে বর্তমান উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আতিকুল ইসলাম (উজ্জল) এর হলফ নামায় ত্রুটি এবং তথ্য গোপন করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
তৃনমূল আওয়ামী লীগের শতভাগ সমর্থন নিয়ে আওয়ামী লীগ থেকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। এর পরে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি জাতীয় পার্টি জেপি থেকে মিরাজুল ইসলামকে সমর্থন দেন। এর পরে আওয়ামী লীগ ও জেপি তার পক্ষে একাট্টা হয়ে কাজ শুরু করে এ দুই দল।
উল্লেখ্য, নব নির্বাচিত মিরাজুল ইসলামের বড় ভাই মহিউদ্দিন মহারাজ পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং ছোট ভাই সামসুদ্দীন হাওলাদার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বাবা মরহুম শাহাদাৎ হোসেন ছিলেন তেলিখালী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান।
এলাকায় মিরাজুল ইসলামের ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। তার নির্বাচিত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দলীয় নেতা কর্মী এবং ভান্ডারিয়ার সাধারণ মানুষের মধ্যে শুরু হয় আনন্দ উল্লাস।
