ভান্ডারিয়ায় সহকারী শিক্ষক পুলকের অনিয়মের শেষ নেই
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪৪নং মধ্য বোথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুলক বাবুর অনিয়মের আর শেষ নেই। বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সহকারী শিক্ষক পুলক বাবু ও তার স্ত্রী একই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে সরকারি নিয়ম না মেনে তাদের ইচ্ছামত বিদ্যালয়ে কখনো সকাল সাড়ে ১০টায় আবার কখনো সকাল ১১ টায় আসা যাওয়া করছেন। আবার বিদ্যালয়ে গেলেও ছুটির আগেই তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। এছাড়া প্রায়ই তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন।
খোঁজ নিয়ে শিক্ষক পুলকের নানা অনিয়মের কথা জানা গেছে। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে শিক্ষক পুলককে বিদ্যালয়ে না পেয়ে তার না আসার কারণ প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. আব্দুর রব জানান, ‘আমার কাছ থেকে তিনি কোন ছুটি নেন নি। তিনি (পুলক) প্রায় সময়ই এ ধরনের কাজ করে আসছেন। আমি বার বার তাকে নিষেধ করলেও তিনি তা শুনছেন না বলে জানায়।’
এলাকাবাসী অভিযোগ করে বলেন, শিক্ষক পুলক বাবু ও তার স্ত্রী একই বিদ্যালয়ে চাকুরী করায় তারা তাদের ইচ্ছামত আসা যাওয়া করে এবং যে দিন তার স্ত্রী বিদ্যালয়ে আসেন, সে দিন আর পুলক বাবু বিদ্যালয়ে আসেন না। এভাবেই চলছে তাদের অনিয়ম এবং তিনি প্রায় সময়ই বিদ্যালয়ে আসেন না। এতে বিদ্যালয়ের শিক্ষার মান ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার মান ক্ষুন্ন হচ্ছে বলে তাদের অভিযোগ। তাই অচিরেই শিক্ষক পুলক বাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবী জানান তারা।
উল্লেখ্য, সহকারী শিক্ষক পুলক বাবুর অনিয়মের ঘটনা কয়েকবার সংবাদপত্রে প্রকাশ হলে তিনি বিভিন্ন মহলে তদবির করার কারণে তার কিছুই হচ্ছেনা। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. এমাদুল হক জানান, সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
