সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের বর্ষপূর্তি পালন
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের বর্ষপূর্তি অনুষ্ঠান রবিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভা।
এ উপলক্ষ্যে সকালে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘সমৃদ্ধি’র মঠবাড়িয়া গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম), মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর হোসাইন মোল্লা, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজু, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।
