পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানের বিরুদ্ধে
নাজিরপুরে বিদ্যুৎ সংযোগে টাকা দাবীর অভিযোগ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরমাটিভাঙ্গা গ্রামের উত্তরপাড়া মহল্লায় ২৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে দুই হাজার করে টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় ওই বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না।
চরমাটিভাঙ্গা গ্রামের উত্তরপাড়া মহল্লার মো. ওসমান শেখ জানান, ২০১৭ সালের ২৫ অক্টোবর চরমাটিভাঙ্গা গ্রামের উত্তরপাড়া মহল্লার ২৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের অনুমোদন দেয় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এরপর থেকে বিভিন্ন সময় পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মচারী বিভিন্ন সময় গ্রাহকদের কাছে বিদ্যুৎ সংযোগের জন্য টাকা দাবি করে আসছেন। পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় লাইনম্যান শহিদুল ইসলাম সম্প্রতি ২৫টি পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। তবে পরিবারগুলো দরিদ্র কৃষক হওয়ায় তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। দাবিকৃত টাকা না দেওয়ায় লাইনম্যান বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ রেখেছে।
উত্তরপাড়া মহল্লার মো. জিহাদ মুন্সী বলেন, আমরা কৃষক। একবার টাকা খরচ করে বিদ্যুৎ লাইন পাস করেছি। এখন আবার বিদ্যুৎ সংযোগের জন্য টাকা চাওয়া হচ্ছে। এতো টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। প্রধানমন্ত্রী বিনামূল্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। অথচ আমাদের বিদ্যুৎ সংযোগ পেতে ভোগান্তির শেষ নেই।
লাইনম্যান শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বিদ্যুৎ সংযোগ দিতে কোন টাকা চাইনি। আমার বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়। বিএডিসি কর্তৃপক্ষের আপত্তির কারণে ২৫ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির নাজিরপুর উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সুমন সাহা বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য জন্য টাকার প্রয়োজন হয় না। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব। তাছাড়া বিএডিসি কর্তৃপক্ষ যদি বাঁধা হয়ে দাঁড়ায় সেটা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
