পিরোজপুরকে শান্তির জনপথ হিসেবে গড়ে তুলতে হবে … শ. ম রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, পিরোজপুরকে একটি শান্তির জনপথ হিসেবে গড়ে তুলতে হবে। পিরোজপুরে কোন ধরনের অনাকংখিত সন্ত্রাস, খুন খারাপি নেই। এখানকার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে। কিন্তু আমাদের আরও ভাল কিছু করতে হবে। রবিবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকমুক্ত পিরোজপুর গড়তে হবে। সকল শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকের সাথে যদি কেহ জড়িত থাকে সে যার লোক হয়ে থাকুক না কেন তাকে কোন ছাড় দেয়া হবেনা।
চাঁদাবাজীর প্রসঙ্গ টেনে গণপূর্ত মন্ত্রী বলেন, পিরোজপুর থেকে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, শংকরপাশা ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, কদমতলা ইউনিয়ন চেয়ারম্যান মো. হানিফ খান, কলাখালী ইউনিয়ন চেয়ারম্যান দিদারুজ্জামান হাওলাদার (শিমুল) প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বরূপকাঠী প্রতিনিধি মো. হাবিবুল্লাহ জানান, রবিবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি জেলার স্বরূপকাঠীতে উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নেতা নয় সর্বদা জনগনের সেবক হয়ে কাজ করে যেতে চাই। রাজনীতি যেন প্রতিপক্ষকে ঘায়েল করার অস্ত্র না হয়।
মন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলার মধ্যে স্বরূপকাঠি সবচেয়ে বড় এলাকা। তাই অগ্রাধিকার ভিত্তিতে স্বরূপকাঠিতে বেশি উন্নয়ন হবে। তিনি স্বরূপকাঠির-নাজিরপুর-যোগাযোগ ব্যবস্থার দুরাবস্থার কথা তুলে ধরে বলেন, নাজিরপুর ও স্বরূপকাঠির যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। উপজেলার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যাগুলোর তালিকা করে এলাকার চেয়ারম্যান মেম্বরদের কাছে জমা দেওয়ার জন্য আহবান জানান।
মন্ত্রী বলেন, রাষ্ট্রের উন্নয়নের একটি টাকাও যেন জনপ্রতিনিধিদের নিজস্ব কারো কাজে ব্যবহার না হয়। এজন্য তিনি সবাইকে সতর্ক হয়ে কাজ করার আহবান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেন নি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। দুর্নীতিবাজদের প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশকে উন্নত দেশে পরিণত করার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর লক্ষ্য।
এর আগে স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা চত্ত্বরে এক শুভেচ্ছা বিনিময় সভায় মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বুঝতে পেরেছে ভুল রাজনীতি তাদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। এজন্যই তারা উপজেলা নির্বাচনে যেতে ভয় পায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্ত্বরে শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম ফুয়াদ, যুগ্ন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুইদুল ইসলাম প্রমুখ।
