বাগেরহাটে আ’লীগ প্রার্থী শেখ তন্ময়ের নির্বাচনী প্রচারণা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা শেখ সারহান নাসের তন্ময়ের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট-কচুয়ার বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচরণা, লিফলেট বিতরণ ও বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে বাগেরহাটে এনজিও ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়।
বাগেরহাটে এনজিও ফোরামের সভাপতি ফরিদা আক্তার বানু লুসি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শেখ তন্ময়। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, উদয়নের নির্বাহী পরিচালক শেখ আসাদ, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত অর্ধশতাধিক এনজিও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন।
এনজিও কর্মীদের উদ্দেশ্যে শেখ তন্ময় বলেন, এনজিওগুলো সরকারের উন্নয়নের অংশিদার। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এনজিও কর্মীদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান শেখ তন্ময়।
পরে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে বাগেরহাট এলজিইডি ঠিকাদার সমিতির উদ্যোগে খান আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বাগেরহাট জেলার ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে নাগেরবাজার রেল স্টেশন কলনীর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনি প্রচরণা ও লিফলেট বিতরণ করেন শেখ তন্ময়।
