ছারছীনার ১২৮তম বার্ষিক মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
উপমহাদেশের ইসলামি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার ছারছীনা দরবার শরীফের ১২৮তম বার্ষিক মাহফিলের প্রস্তুতি কাজ সম্পন্ন হওয়ার পথে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার ইংরেজি (২৮, ২৯ ও ৩০ নভেম্বর) এই তিনদিন উপজেলার সন্ধ্যা নদীর কিনারা ঘেষে অবস্থিত ছারছীনা ময়দানে মাহফিল চলবে। ৩০ নভেম্বর (শুক্রবার) পবিত্র জুমার নামাজ বাদ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এ মোনাজাতের মাধ্যমে ঐতিহ্যবাহী ছারীনার মাহফিল শেষ হবে বলে জানা গেছে। ২৭ নভেম্বর (মঙ্গলবার) বাদ মাগরিব উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হবে। আশা করা হচ্ছে এবারের মাহফিলেও প্রতিবারের ন্যায় কয়েক লক্ষাধিক ধর্মপ্রাণ, দ্বীনদার মুসলমানের সমাগম ঘটবে।
সরেজমিন ঘুরে দেখা দেছে, মাহফিলের প্রধান ফটক, ভেতরের অন্যান্য গেট ও প্যান্ডেলের যাবতীয় কাজ শেষ হয়েছে। পুরোদমে এগিয়ে চলছে বাকি কাজ। মাহফিলের জন্য প্রশাসনের পক্ষ থেকে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, মাহফিলের নিরাপত্তার জন্য থাকবে অসংখ্য ফোর্স, সাদা পোশাকে পুলিশ, চেকপোষ্ট ও মোবাইল টিমের ব্যবস্থা।
উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. তানভীর আহম্মেদ বলেন, মাহফিলে আগত লোকদের জন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্প থাকবে।
উল্লেখ্য, মাহফিলে ছারছীনার পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেববুল্লাহ ছাহেব ৩ দিনের মাহফিলের প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব তালীম তালকীন পেশ করবেন।
