মঠবাড়িয়ায় ধানকাটা নিয়ে বিবদমান দুই পক্ষে সংঘর্ষ আহত-১৭ : আটক-৩
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিরোধীয় জমির পাকা ধান কাটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষে নারী ও বৃদ্ধসহ ১৭ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে পুলিশ।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামের মোজাম্মেল হাওলাদারের সাথে একই গ্রামের আবদুল কুদ্দুসের সাথে প্রায় তিন একর কৃষি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সোমবার সকালে ওই বিরোধীয় জমিতে প্রতিপক্ষ আবদুল কুদ্দুস ও তার দলবল মিলে জোর পূর্বক জমির ধান কাটতে গেলে মোজাম্মেল হাওলাদারের পরিবার বাঁধা দেয়। এক পর্যায়ে বিবদমান দুই পক্ষ লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে সুমন ফরাজী (২২), মো. চান মিয়া (৪৫), মো. আল আমিন হাওলাদার (২০), মো. বাচ্চু শিকদার (৪০), মো. আনোয়ার হোসেন (৫৫), মো. মহারাজ হাওলাদার (২৪), গৃহবধূ হাসিনা বেগম (৩২), জাহানারা বেগম (৪০), ফাতেমা বেগম (২৫), মো. শহীদ ফরাজী (৩০), মো. রাজা ফরাজী (৪২), মো. সোহেল ঘরামী (১৮), সোহরাব হোসেন (৪০), শাহ আলম (৪৫), নাসিমা (৪০) ছালাম মিয়া (৩৫) ও মালেক হাওলাদার (৭০) গুরুতর আহত হন। আহতদের মধ্যে সোহরাব হাওলাদার, চান মিয়া ও বাচ্চু শিকদারকে আশংকাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের মঠবাড়িয়া হাসপাতারে চিকিৎসা দেয়া হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এম.আর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
