অধ্যক্ষ অবরুদ্ধ
ইন্দুরকানীতে ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ
ইন্দুরকানী সরকারি কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা অতিরিক্ত টাকা না নেয়ার দাবি জানায়। কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার ছাত্রলীগের দাবি মেনে না নেওয়ায় তার (অধ্যক্ষ) কক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা তালা মেরে অবরুদ্ধ করে রাখে। পরে সমঝোতায় ছাত্রলীগের দাবি মানায় তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করে।
জানা গেছে, শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম লিটন ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শাওন হাওলাদার অনার্স ৩য় বর্ষের ফরম পূরণে তাদের সুপারিশকৃত শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা না নেয়ার জন্য অধ্যক্ষের কাছে দাবি জানান। কিন্তু অধ্যক্ষ তাদের দাবি না মানায় রবিবার সকালে ছাত্রলীগ নেতারা কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। তখন অধ্যক্ষ নিজের নিরাপত্তার জন্য তার আত্মীয়-স্বজন ও উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ইকরামুল সিকদারকে খবর দেন। তারা কলেজে আসলে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ওই ঘটনা নিয়ে বাক-বিতন্ডা ও ধাক্কা-ধাক্কি হয়। পরে কলেজ ম্যানেজিং কমিটির গভর্নিংবডির সদস্য আ. আজিজ হাওলাদার, যুবলীগ নেতা ইকরামুল সিকদার, আরিফুর রহমান টুটুলের মধ্যস্ততায় কলেজের অধ্যক্ষ ও উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সমঝোতা করে দেন। তাদের দাবিকৃত শিক্ষার্থীদের কম টাকায় ফরম পূরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম লিটন জানান, আমরা সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত টাকা না নেয়ার দাবি জানাই। কিন্তু আমাদের দাবি অধ্যক্ষ মেনে না নেয়ায় বিক্ষোভ করি। পরে দাবি মেনে নেয়ায় আমরা চলে আসি।
ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার জানান, ফরম পূরণে আমরা অতিরিক্ত টাকা নেইনা। তবে বেতন ও অন্যান্য বকেয়া ভাতা নেয়া হয়। ছাত্রলীগের নেতারা ফরম পূরণে আলাদাভাবে কয়েকজন শিক্ষার্থীর কম টাকা নেয়ার কথা বলে দাবি করে। আমার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে উভয় পক্ষ বসে সমঝোতা করা হয়েছে।
