পিরোজপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ কারাদন্ডাদেশ দেন। মামলায় একজনকে খালাস দেয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মুনিরাবাদ গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. মাসুম বেপারী (৩৬) এবং কক্সবাজার জেলার মহেষখালী উপজেলার বাড়ীয়াপাড়া গ্রামের আবুু তাহেরের মেয়ে আয়েশা আক্তার (৩৩)।
আদেশে আয়েশা আক্তারকে ১০ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড এবং মো. মাসুম বেপারীকে ১২ বছর কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয় ।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ ডিসেম্বর সকালে নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারের টেম্পু ষ্ট্যান্ডে অভিযান চালিয়ে পুলিশ আয়েশা আক্তার ও মো. মাসুম বেপারীকে গ্রেপ্তার করে। এরপর আয়েশা আক্তারের কাছ থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট এবং মোঃ মাসুম বেপারীর কাছ থেকে ১০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই অনুপ কুমার মন্ডল বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় থানায় আয়েশা আক্তার, মোঃ মাসুম ও আল আমিন নামে ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। ২০১৮ সালের ৪ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ১১ জন সাক্ষীর স্বাক্ষ্য শেষে আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আল আমিন আকনকে খালাস দেয়া হয়েছে।
