মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থী হত্যা চেষ্টা মামলা : ৪ দিনেও গ্রেফতার হয়নি কেউ
পিরোজপুরের মঠবাড়িয়ায় আবু বকর সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলার ৪ দিন অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এদিকে, গুরুতর আহত আবু বকর সাগর গত ৮ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আহত সাগর উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রিক্সা চালক জাহাঙ্গীর হোসেন কালো’র ছেলে এবং শহরের কে এম লতিফ ইনষ্টিটিউশনের ১০ম শ্রেণীর ছাত্র। অন্যদিকে, আসামীরা মামলা তুলে নিতে বাদীকে নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে বলে অভিযোগ করেন স্বজনরা।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিকেলে সাগর বাড়ির সংলগ্ন মাঠে ক্রিকেট খেলতে গেলে কেএম লতীফ ইনষ্টিটিউশনের ৯ম শ্রেনীর ছাত্র প্রতিবেশি আজিম হাওলাদার (১৫) সাথে বাক-বিতান্ডা হয়। খেলা শেষে সাগর বাড়ি ফেরার পথে স্থানীয় মাঝেরপুল নামক স্থানে পূর্বে থেকে ওৎ পেতে থাকা আসামী আজিম ও তার ভাড়া করা সন্ত্রাসীরা গাবগাছের লাঠি দিয়ে সাগরকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। এতে সাগরের সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা সাগরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পরে সাগরের অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। এ ঘটনায় সাগরের বাবা বাদী হয়ে গত ৩১ অক্টোবর ৪ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।
আহত সাগরের বাবা জাহাঙ্গীর হোসেন কালো জানান, মামলা করে এখন বিপাকে পড়েছি। আসামিরা মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে।
মঠবাড়িয়া থানার এসআই জাহিদ জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
