পিরোজপুরে এসডিজি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত
স্থানীয় পর্যায়ে বাস্তবায়নকারী কর্তৃপক্ষের সাথে এসডিজি সম্পর্কিত নীতি ও কর্মসূচি পর্যালোচনা বিষয়ক এক কর্মশালা বুধবার পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। এসডিজি সম্পর্কিত সরকারি নীতি ও কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে বিপদাপন্ন প্রান্তিক জনগোষ্ঠী, সুশীল সংগঠন এবং কমিউনিটি ভিত্তিক সংগঠন সমূহকে শক্তিশালী করার উদ্দেশ্যে ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ’ শীর্ষক বাস্তবায়নাধীন প্রকল্প নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। সিপিডির সম্মাননীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান কর্মশালার মূখ্য আলোচক ছিলেন।
বেসরকারি সংগঠন ডাক দিয়ে যাই’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, ইন্দুরকানির ইউএনও রাজীব আহমেদ, অক্সফ্যাম বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আক্তার, সিনিয়র প্রোগ্রাম অফিসার মাহ্ফুজা আক্তার মালা, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, ডাক দিয়ে যাই’র নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজী প্রমুখ। অক্সফ্যাম ও সিপিডি’র বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ডাক দিয়ে যাই এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও সাংবাদিকগণ অংশ নেন।
