অভিযানের শেষ দিনে ১৬ জেলেকে একমাসের কারাদন্ড
স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীতে ইলিশ ধরার অপরাধে বিভিন্ন বয়সি ১৬ জন জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কাওসার হোসেন আদালতে এ রায় দেন।
জানাযায়, রবিবার নিয়মিত ন্যায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ সন্ধ্যা নদীতে পৃথক পৃথক অভিযান চালায়। অভিযানে নদীর ব্যাসকাঠি, শেহাঙ্গল, কৌড়িখাড়া এলাকা থেকে মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ এর নেতৃত্বে ১৪ জন এবং নৌ পুলিশের এস.আই আকবর হোসেনের নেতৃত্বে ২ জন জেলে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৬ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষার্থে প্রতিদিনের মত উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ মাছ শিকারের অপরাধে মোট ১৬ জন জেলেকে আটক করা হয়। পরে মৎস্য আইনে তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়। জব্দ করা ইলিশ মাছ উপজেলার তিনটি এতিমখানায় বিলি করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
