ভান্ডারিয়ায় জিংক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ
ভান্ডারিয়ায় বুধবার সকালে বেসরকারি সংস্থা স্বদেশ উন্নয়ন কেন্দ্র (সুখ) এর উদ্যোগে উপজেলার ইকড়ি ইউনিয়নের দক্ষিণ বোথলা এসডিএফ এর হলরুমে জিংক সমৃদ্ধ ধান চাষের উপকারিতা, বৈশিষ্ট সম্পর্কে স্থানীয় কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে জিংক সমৃদ্ধ ব্রি-৭২ প্রজাতির ধান চাষ পদ্ধতি, এর গুনাগুন সম্পর্কে উপস্থিত কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কমৃকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এসময় কৃষি কর্মকর্তা কৃষকদের এই প্রজাতির ধান চাষের উপকারিতা সম্পর্কে আরো বলেন, দেশি প্রজাতির ধান চাষে সার, বীজ, কীটনাশকসহ আনুসাঙ্গিক খরচ বেশী অথচ ফলন কম হয়। আর এ প্রজাতির ধান চাষে খরচ কম, ফলনও দ্বিগুন। যা অন্যান্য ধানের চেয়ে হেক্টর প্রতি ৫.৭-৭.৫ টন। এছাড়া প্রতি কেজি চালে জিংক রয়েছে ২২.৮ মিলিগ্রাম। এর আকৃতি লম্বা, মোটা এবং রং সাদা হয়। এই চালের ভাতে মানবদেহের জিংক এর অভাব দূর করে। খাদ্যে অরুচি, বেটে ভাব দূর করা, মেধা বিকাশের সহায়ক, পুষ্টির অভাব দুর করে, গর্ভবতী মায়েদের ঝিংক এর অভাব দুর করে, শিশুদের ডায়েরিয়া, ম্যালেরিয়া, নিমোনিয়া, পাতলা পায়খানা ও রাতকানা থেকে রক্ষা করা যায়।
এসময় প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন, হারভেস্ট প্লান বরিশাল অঞ্চলের আরডিও মো. জাহিদ হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মো. মাইদুল হুদা, সূখের মো. সেলিম হাওলাদার প্রমূখ।
পরে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ২ কেজি করে ব্রি-৭২ ধানের বীজ বিতরণ করা হয়।
