বাগেরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত-১ : আহত-৩
বাগেরহাটের মোড়েলগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শুকুর শেখ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক। তাদের বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শুকুর শেখ মোড়েলগঞ্জ উপজেলার জোকা গ্রামের মোসলেম শেখের ছেলে। আহতরা হলেন, দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈবজ্ঞহাটি গ্রামের আবির আলীর ছেলে আনছার আলী শিকদার (৫৩), একই গ্রামের ফরিদ শেখের ছেলে বাবুল শেখ ও আলতি বুরুজবাড়ি গ্রামের মৃত লতিফ খানের ছেলে ও ইউপি চেয়রম্যানের ভাগ্নে মো. মিল্টন খান। এরমধ্যে আনছার ও বাবুলের অবস্থা আশঙ্কাজনক। এঘটনায় দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
গুরুতর আহত বাবুল শেখ জানান, দৈবজ্ঞহাটি বাজার থেকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বোরখা পড়তে বাধ্য করা হয়। এঅবস্থায় তাদের এলোপাথারী কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজন জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। এরমধ্যে একজন মারা গেছে। বাকীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরকে পুলিশ হেফাজাতে নেয়া হয়েছে।
এলাকাবাসি জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে এ ধরনের ঘটনা ঘটেছে।
