এডভোকেট সুধাংশু শেখর হালদারের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় নেতা এডভোকেট সুধাংশু শেখর হালদার এর ১৪তম মৃত্যু বার্ষিকী আজ শনিবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
পিরোজপুরে নাজিরপুর উপজেলার ঘোষকাঠিতে তার প্রতিষ্ঠিত সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাখন লাল দাস।
সুধাংশ শেখর হালদার এর কর্মময় জীবনের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সুনীল রঞ্জন হালদার, তপন কুমার হালদার প্রমুখ।
আলোচকরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষানুরাগী সুধাংশু শেখর হালদার নিজের আইন পেশা থেকে অর্জিত অর্থ ব্যয় করে ২টি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ঢাকার ফরাশ গঞ্জের অনাথ আশ্রমে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
