মঠবাড়িয়ায় ফুটবল খেলায় ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া ফুটবল খেলাকে কেন্দ্র করে ৬ শিক্ষার্থীকে মারধর করে আহতের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সোমবার সকালে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৪টি মাধ্যমিক, ৩টি প্রাথমিক ও ১টি মাদ্রাসার সম্মুখ সড়ক অবরোধ করে প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা একযোগে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।
এসময় গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, সহকারী অধ্যাপক মাওলানা মো. দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা আলহাজ্ব আ. লতিফ সিকদার, প্রধান শিক্ষক আনোয়ার মাহমুদ, সঞ্জয় কুমার হাওলাদার, শাহ আলম, শিক্ষক শাহ জালাল ও সমাজ সেবক স্বপন তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর পৌর শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালীন গুলিসাখালী জি.কে.ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জামাল হোসেন বহিরাগত লোকজন নিয়ে হামলা চালায়।
এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ৮ সেপ্টেম্বর রাতে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জামাল হোসেনকে প্রধান করে এজাহার নামীয় ১১ জন ও অজ্ঞাতনামা ১৪০ জনকে আসামী করে মঠবাড়িয়ায় থানায় একটি মামলা দায়ের করেন।
