প্রধান সূচি

নাজিরপুরে বখাটের উত্যক্তে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

পিরোজপুরের নাজিরপুরে বখাটে যুবকের উত্যক্তে ৮ম শ্রেণীর এক মেধাবী ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওই বখাটের যুবকের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ করায় ওই ছাত্রীর পরিবারকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে শনিবার নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের কাঠমিস্ত্রী মাসুমের মেয়ে স্থানীয় কুলইতলী হামিদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মীমকে একই গ্রামের আলম সুতারের বখাটে ছেলে অলিউল্লাহ (২০) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। বিষয়টি বখাটের অভিভাবকদের জানালেও তারা বখাটেকে প্রতিরোধ করতে পারেনি। বাধ্য হয়ে গত দেড় মাস ধরে ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। বিষয়টি জানতে পেরে ওই স্কুলের সহকারী শিক্ষক হারুন অর রশিদ ওই ছাত্রীর বাড়ীতে গিয়ে তার পরিবারকে বুঝিয়ে এবং বখাটে যুবকের পরিবারকে সাবধান করে ওই ছাত্রীকে স্কুলে নিয়ে আসে।

গত মঙ্গলবার স্কুল চলাকালে ওই বখাটে যুবক মরিয়ম নামে এক মহিলার মাধ্যমে কৌশলে ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে পার্শ্ববর্তী কালাম মেম্বারের ঘরে আটক করে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং বিকেল পর্যন্ত নানা ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে সেখানে আটক করে রাখে। পরে বিকেলের দিকে মেয়েটিকে একটি নৌকায় করে অপহরণ করে নেয়ার সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়।

সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মীম একজন মেধাবী ছাত্রী। বখাটে যুবকের উত্যক্তের কারণে সে দ্বিতীয় সাময়িক পরীক্ষায়ও অংশ গ্রহণ করতে পারেনি।

নাজিরপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) রাসেল সারোয়ার বলেন, এ ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial