নাজিরপুরে ছোট ভাইকে কুপিয়ে জখম করল বড় ভাই
পিরোজপুরের নাজিরপুরে বড় ভাই মহিবুল্লাহ কুপিয়ে গুরুতর জখম করেছে আপন ছোট ভাই নজরুল ইসলামকে। আহত নজরুল ইসলামকে (৪৫) নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. শোভন রায় চৌধুরী।
শুক্রবার বিকেলে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কোকরাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। মহিবুল্লাহ ও নজরুল উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কোকরাকাঠী এলাকার মৃত কারী আব্দুল মালেকের ছেলে।
হাসপাতালে জখমী নজরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই মহিবুল্লাহসহ অজ্ঞাত নামা ৩/৪জন মিলে তাকে রামদা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার স্ত্রী বাঁধা দিলে তাকেও মারধর করে তারা। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মহিবুল্লাহসহ তার সহযোগীরা পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন তাদের মধ্যে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরেই মহিবুল্লাহ রাম দা দিয়ে কুপিয়ে নজরুলের মাথাসহ দুই হাতে গুরুতর জখম করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মহিবুল্লাহ পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাজিরপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) রাসেল সারোয়ার বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
