মঠবাড়িয়ায় জন্মাষ্ঠমীতে মঙ্গল শোভাযাত্রা
সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের রোববার শুভ জন্মতিথি। শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তাঁর জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করা হয়। দেশের হিন্দু সম্প্রদায় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদ্যাপন করে। এ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় হরিসভা মন্দির, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ, শ্রীগুরু সংঘ, শ্রী শ্রী মদন মোহন আশ্রম, বাংলাদেশ সেবা আশ্রম, হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদ বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ এর উদ্যোগে কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গন থেকে সকালে পৌর শহরে বরিবার একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হরি মন্দিরে এসে শেষ হয়। শেষে ভক্তবৃন্দেও মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
কেন্দ্রীয় হরিসভা মন্দিরের পুরোহিত দীপঙ্কর চক্রবত্রী জানান, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়, তখন সেই অশুভ শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অবতার হিসেবে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
