প্রধান সূচি

নাজিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

পিরোজপুরের নাজিরপুরে এক কিশোরীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রিপন খান (৩২) জানান, উপজেলার ছোট আমতলা গ্রামের সুজন খান (২০) ও তার ৭ বন্ধু মিলে ঈদের দিন বিকেলে উপজেলা সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে এসে এক কিশোরীকে উত্যক্ত করে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে প্রতিবাদ করলে তারা চলে যায়। বুধবার বিকেলে তারা পুনরায় ওই গ্রামে এসে মেয়েটিকে উত্যক্ত করতে থাকলে রিপনসহ কয়েকজন প্রতিবাদ করে। এ সময় সুজনসহ তার সহযোগীরা ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে লোহার রড ও লাঠি নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। হামলায় ওই গ্রামের আজিজ শেখের ছেলে ইউনুস আলী শেখ (৪৮), বেলায়েত হেসেন খানের ছেলে রিপন খান (৩২) ও হায়দার খানের স্ত্রী হোসেনেয়ারা বেগম (৫০) আহত হয়। এসময় স্থানীয়রা উত্যক্ত করতে আসা সুজন খানসহ তার সহযোগীদের প্রতিরোধ করলে তাদের হামলায় সুজন খানসহ তার বন্ধু ছোট আমতলা গ্রামের দোলোয়ার খানের ছেলে মুজাহিদ খান (২০) ও সুজন খানের ছোটভাই সাইফুল ইসলাম ও সাকিব  হোসেন আহত হয়।

অভিযুক্ত সুজন খান জানায়, তিনিসহ তার ২ ভাই ও বন্ধুরা বুধবার বিকেলে ওই এলাকায় তার ভগ্নিপতি আজাদ হাওলাদারের বাড়িতে বেড়াতে গেলে স্থানীয়রা তাদের মারধর করে আহত করে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সুলতান মাহমুদ জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলসহ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial