সুন্দরবনে বন্দুক যুদ্ধে নিহত-১
সুন্দরবনে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে রফিকুল ইসলাম রানা (৩৭) নামের এক বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত বনদস্যু রফিকুল ইসলাম রানা বনদস্যু নোয়া বাহিনীর সদস্য।
র্যাব-৮ এর অধিনায়ক (সিও) আতিকা ইসলাম সাংবাদিকদের জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় দস্যুতা দমনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের অপারেশন টিম ওই এলাকায় পৌঁছলে র্যাবকে লক্ষ্য করে বনদস্যুরা প্রথমে গুলি ছোড়ে। উভয় পক্ষের গুলি বিনিময়ের এক পর্যায়ে বনদস্যুরা বনের গভীরে পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাসি চালিয়ে এক দস্যুর মৃতদেহ, একটি বন্দুক, দুটি ওয়ান শুটারগান ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয় জেলেরা মৃতদেহটি বনদস্যু নোয়া বাহিনীর সদস্য রফিকুল ইসলাম রানার (৩৭) বলে সনাক্ত করে।
