পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাটে ঢাকাগামী যাত্রীদের ভীড়
কোরবানীর ঈদ কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে বাড়িতে আসা লোকজন। তাই জেলার লঞ্চঘাট ও বাস কাউন্টারগুলোতে এখন মানুষের ভীড় উপচে পড়ছে। শনিবার দুপুরে পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে ঢাকাগামী মানুষের উপছে পড়া ভীড়।
প্রিয়জনদের সাথে কোরবানীর ঈদ উদযাপন করে লোকজন এখন ঢাকাসহ দেশের বিভিন্নস্থানের তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাচ্ছে।
শনিবার হুলারহাট লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ৫টি লঞ্চ ছেড়ে গেছে। লঞ্চগুলো হচ্ছে ফারহান-১২, ফারহান-১০, মনিংসান-৯, অগ্রদুত প্লাস এবং অভিযান। দুপুরে লঞ্চের অপেক্ষায় হুলারহাট লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের ভীড়। হুলারহাট ঘাটের পর এসব লঞ্চ জেলার কাউখালী, ইন্দেরহাট, স্বরূপকাঠীসহ আরো বেশ কয়েকটি ঘাট থেকে যাত্রী তুলবে।
যাত্রীরা জানান, লঞ্চের কেবিনগুলো ঈদের আগেরই বুকিং হয়ে গেছে। ফলে নতুন করে এখন আর কোন কেবিন পাওয়া যাচ্ছে না। তবে কেবিনের ভাড়া মালিকপক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হলেও তার চেয়েও বেশী ফাকা দিতে হচ্ছে।
জানা গেছে, ঈদ উপলক্ষে প্রতিটি ডাবল কেবিনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০০ টাকা এবং সিঙ্গেল কেবিন প্রতিটি ১২০০ টাকা। তবে লঞ্চের ষ্টাফরা মালিক পক্ষের বেঁেধ দেয়া ভাড়ার চেয়ে কেবিন প্রতি ৫শ’ থেকে ৮শ’ টাকা বেশী নিচ্ছে।
অগ্রদুত প্লাস লঞ্চের হুলারহাট ঘাট ষ্টাফ হান্নান ফকির জানান, আগামী ৩০ আগষ্ট পর্যন্ত লঞ্চের কোন কেবিন খালি নেই। এসব কেবিন আগেই বুকিং হয়ে গেছে। অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঈদের জন্য কেবিন প্রতি দুই-তিন’শ টাকা বেশী নেয়া হচ্ছে।
