আমাদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে … এডভোকেট শ ম রেজাউল করিম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, দলীয় মনোনয়ন যে কেউ চাইতে পারে কিন্তু নৌকা প্রতীক একজনই পাবে। আর আগামী নির্বাচনে শেখ হাসিনা কোন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে মনোনয়ন দিবেন না। তাছাড়া দলীয় মনোনয়ন কে পাবে সেটাও বড় কথা নয়। দেশের স্বার্থে, দেশের মানুষকে ভালো রাখার স্বার্থে, ভালো থাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
শুক্রবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। সেটা করতে পারলে বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আর সেটা সম্ভব না হলে চলমান উন্নয়নের ধারা বাধাগ্রস্থ হবে, থেমে যাবে। নির্বাচন আসন্ন সময় খুবই কম, তাই নিজেদের মধ্যে কোন ভুল বোঝা-বুঝি বা গ্রুপিং না রেখে মুক্তিযুদ্ধে স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সরকারের সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে।
এর আগে ওই দিন বিকেলে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে উপজেলার শ্রীরামকাঠী বন্দরে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ডে চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সুখরঞ্জন বেপারী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তুহিন, শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী হায়দার মৃধা, সাধারণ সম্পাদক সুনীল হালদার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান মৃধা, আওয়ামী নেতা নারায়ন চন্দ্র মিস্ত্রি, কৃঞ্চ কান্ত মজুমদার, রুহিনী দাস, রতন বনিকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
