মঠবাড়িয়ায় কুরবানির চামড়া দামে ধ্বস
পিরোজপুরের মঠবাড়িয়ায় কুরবানির পশুর চামড়ার দামে স্মরণকালের ভয়াবহ ধ্বস নেমেছে। চামড়া ক্রয়ে সরকারী রেট কম ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে স্বল্পমূল্যে চামড়া বিক্রি হওয়ায় বঞ্চিত হয়েছে গরীব ও দুঃস্থরা। গত বছরের মত এবছরও চামড়া ব্যবসায় লোকসানের আশংকা করছে ব্যবসায়ীরা।
সূত্রে জানা যায়, এবছর চামড়া ক্রয়ে সরকারী রেট দেয়া হয় প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা (ঢাকার বাইরে) যা গত বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। মৌসুমী ব্যবসায়ীরা নাম মাত্র মূল্যে গরুর চামড়া ক্রয় করলেও ছাগলের চামড়া কেউ কিনছেন না।
মঠবাড়িয়া পৌরসভা নিবাসী ঢাকা জজ কোর্টর শিক্ষানবীশ আইনজীবি হাসানুল বান্না জানান, গত বছর গরুর চামড়া ৬০০ টাকায় বিক্রি করলেও এবছর একই দামের গরুর চামড়া বিক্রি করেছে মাত্র ১২০ টাকায়।
উপজেলার ওয়াহেদাবাদ গ্রামের মৌসুমী চামড়া ব্যবসায়ী আ. সালাম জানান, গত বছরের লোকসানের কথা মাথায় রেখে এবছর কম দামে চামড়া কিনেও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারনে লাভ করতে পারেনি।
মঠবাড়িয়া পৌরসভার চামড়া ব্যবসায়ী সতিশ দাস জানান, বিদেশে রপ্তানি বন্ধ এবং ট্যানারী মালিকরা টাকা না দেয়ায় চামড়ার দাম কম। গত বছর চামড়ায় তার ৩১ হাজার টাকা লোকসান হয়েছে। এবছরও সরকার সুনজর না দিলে আবারও লোকসান হবে বলে তিনি জানান।
এদিকে চামড়ার দামে ধ্বসে বঞ্চিত হয়েছে গরীব ও দুঃস্থরা। উপজেলার চালিতাবুনিয়া ছালেহিয়া হামেদিয়া দ্বীনিয়া মাদ্রাসার মুদির মাওলানা আবুল কালাম জানান, মাদ্রাসার লিল¬াহ্ বোডিংয়ে প্রতি বছর কুরবানিতে সংগ্রহ করা চামড়া বিক্রি করে ১৪/১৫ হাজার টাকা আসে। এবছর ৪ হাজার টাকাও আসেনি।
