মঠবাড়িয়ায় বিএনপি’র কমিটি ভেঙ্গে নতুন কমিটি করায় নেতাকর্মীদের প্রতিবাদ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির নতুন কমিটিতে সাবেক ছাত্রনেতা কেএম হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দেয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে তৃণমূল নেতাকর্মীরা। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে শনিবার সন্ধ্যায় কেএম লতীফ সুপার মার্কেটে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র সভাপতি আ.ম. ইউসুফুজ্জামান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর কবীর, পৌর বিএনপি’র সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ খোকন, উপজেলা মৎসজীবী দলের সভাপতি মোসলে উদ্দিন বাবুল মৃধা, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মল্লিক, ২নং পৌর ওয়ার্ড বিএনপি’র সভাপতি এনায়েত কবীর দুলাল, সাবেক কমিশনার সরোয়ার হোসেন সগীর, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর কবীর, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান অপু, ২নং পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্দুল বেপারী, সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হেমায়েত আকন, ৮নং সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক এনামুল হক ভুট্টা, ৯নং সাপলেজা ইউনিয়নের সদস্য সাহিন শরীফ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাম সরোয়ার রঞ্জু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা উপজেলা বিএনপির’র নব গঠিত কমিটিতে ১শ’ ছয় বছর বয়সী ব্যক্তিকে সভাপতি করায় তৃণমূলের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবী জানিয়ে প্রতিবাদ করেন।
সাবেক পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর জানান, যেহেতু কেন্দ্রের নির্দেশে ১১ আগষ্টের দেয়া কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়া হয়েছে সেটা আমি মানতে বাধ্য। তবে দল পুনঃগঠনের যে নির্দেশনা ছিল তা উপেক্ষিত হয়েছে। কেননা ১০৬ বছর বয়সী সভাপতি সাহেব দ্বারা দলে শক্তিশালী ও আন্দোলনকে জোরদার করা সম্ভব নয়। তাছাড়া ৯ বছর পরে নতুন কমিটি হলেও তাতে নতুন কোন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। একই গ্রাম থেকে সভাপতি, সাধারণ সম্পাদক করা হয়েছে। মঠবাড়িয়া পৌর কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা সভাপতির ছেলে। দলকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিনত করা হয়েছে। এর দ্বারা এ দুঃসময়ে চলমান আন্দোলন কিংবা নির্বাচন কোনটাই সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।
