দুঃস্থদের সহায়তার নামে
মঠবাড়িয়ায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুঃস্থদের সহায়তার নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র কর্র্তৃক লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩নং মিরুখালী ইউপি সদস্যদের লোভের ফাঁদে ফেলে এ টাকা হাতিয়ে নেয় প্রতরক চক্র। প্রতারিত ইউপি সদস্যদের অধিকাংশ এখন লজ্জায় মুখ খুলতে নারাজ।
জানা গেছে, মিরুখালী ইউপি চেয়ারম্যান আ. সোবাহান শরীফকে ২৪ জুলাই মঙ্গলবার প্রতারক চক্রের এক সদস্য মোবাইল ফোনে (০১৭০৪৯৯৯০২৬) নিজেকে “রেড ক্রিসেন্ট” কর্মকর্তা পরিচয় দিয়ে জানান তার ইউনিয়নে শতাধিক দুঃস্থকে নগদ ৪২০০ টাকা, ৩০ কেজি চাল এবং ৫ কেজি করে ডাল ও তেল দেয়া হবে। ২৬ জুলাই বৃহষ্পতিবার মালামাল বিতরন করা হবে তাই ওই ফোন নম্বরে দ্রুত দুঃস্থদের নামের তালিকা পাঠাতে বলেন। চেয়ারম্যান অসুস্থ্য থাকায় ইউপি সচিবের মাধ্যমে ইউপি সদস্যদের ওই নম্বরে দ্রুত ৫টি করে নামের তালিকা পাঠাতে বলেন। ইউপি সদস্যরা উল্লেখিত নাম্বারে পৃথকভাবে যোগাযোগ করে নামের তালিকা বাড়ানোর সুপারিশ করেন। এসময় কথিত রেড ক্রিসেন্ট কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানানোর আশ্বাস দেন। ওই দিন রাতেই কথিত কর্মকর্তা একই নাম্বার থেকে ফোন নম্বর থেকে ইউপি সদস্যদের জানান প্রত্যেকে ২০টি নাম দিতে পারবেন, তবে অতিরিক্ত প্রত্যেক নামের জন্য ৫ শত করে টাকা ২৫ জুলাই বুধবার দুপুরের মধ্যে বিকাশে পাঠাতে হবে। লোভের ফাঁদে পরে ইউপি সদস্যরা পৃথকভাবে প্রায় লক্ষাধিক টাকা বিকাশে (বিকাশ নং-০১৮২০১৪৬৫৮৫) পাঠিয়ে দেয়।
পরদিন ২৬ জুলাই বৃহস্পতিবার মালামাল নিয়ে না আসায় ইউপি সদস্যরা ওই ফোন নম্বরে যোগাযোগ করলে জানান হয় রবিবার দেয়া হবে। রবিবার থেকে ওই ফোন নম্বর বন্ধ থাকায় ইউপি সদস্যরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
১নং ওযার্ড সদস্য মো. ফজলুল হক ৫ হাজার এবং ৮নং ওয়ার্ড সদস্য মো. মোয়াজ্জেম (জুনিয়র) ১০ হাজার টাকা বিকাশ করে পাঠাবার কথা স্বীকার করেন। অপর দিকে লজ্জায় অন্যান্য সদস্যরা টাকা পাঠবার কথা অস্বীকার করলেও নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ইউপি সদস্য জানান ওই বিকাশ নাম্বারে ১ লাখ ২০ হাজার টাকা পাঠান হয়েছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আ. সোবাহান শরীফ অসুস্থ্য থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ইউপি সচিব মো. মেশাররফ হোসেন জানান, চেয়ারম্যানের নির্দেশে তিনি সদস্যদের ফোন নম্বর দিয়ে ৫ জন করে নাম পাঠাতে বলেছেন। এর বাইরে তিনি আর কিছু জানেন না।
