কচুয়ায় ছাত্রলীগ নেতাকে হামলার ঘটনায় আটক ৫
বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইশতিয়াক রেজা বাহাদুরের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কচুয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের আটক করে।
আটককৃতরা হলেন, উপজেলার শিয়লকাঠি গ্রামের আমজাদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫), বয়াসিঙ্গা গ্রামের আজহার সরদারের ছেলে কামরুল হাসান সরদার (৩০), বক্তারকাঠি গ্রামের মৃত আব্দুল কাদের শিকদারের ছেলে নাহার শিকদার (৪২), সোনাকান্দর গ্রামের গাজী ফখররুদ্দিন আহমেদের ছেলে গাজী জাবদের হোসেন (৫২) এবং গজালিয়া গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে মো. আলাউদ্দিন (৫০)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবির জানান, ছাত্রলীগ নেতা ইশতিয়াকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। হামলার বিষয়ে এদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কচুয়া উপজেলার আড়িয়ামর্দন নামক স্থানে মুখোশধারী দুর্বৃত্তরা ইশতিয়াকের উপর হামলা চালায়। এতে গুরুত্বর আহত হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ হামলার ঘটনায় থানায় এখনও কোন মামলা দায়ের হয়নি।
