কচুয়ায় দুই চোর আটক
কচুয়া থানায় চুরির মামলায় দুই আসামীকে হোগলাপাশার বলেশ্বর নদীর চর এলাকা থেকে আটক করেছে পুলিশ। গত ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমান মোড়েলগঞ্জের মহিষপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর সহযোগিতায় অভিযান চালিয়ে হোগলাপাশার বলেশ্বর নদীর চর এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হল, পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামের দেলোয়ার হোসেন শেখের ছেলে মাদক বিক্রেতা জাহিদুল ইসলাম জাহিদ (২৮) এবং ঝনঝনিয়া গ্রামের হাতেম আলীর ছেলে মুনসুর ফকির (৩২)।
আটক জাহিদ এর নামে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১২১/০৪ নং মামলাসহ বিভিন্ন থানায় মাদক, ছিনতাই, হত্যা, চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, কচুয়া উপজেলার রাড়ীপাড়া গ্রামের মকবুল হাওলাদারের বড়িতে গত ২৯ জুন একটি চুরির ঘটনা ঘটে। এসময় বাড়ির লোকজনকে মারধর করে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মকবুল হাওলাদারের স্ত্রী বাদী হয়ে কচুয়া থানায় ৪/৫জন অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং-২৫ তারিখ-৩০/০৬/২০১৮)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামীদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।
