প্রধান সূচি

বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচন

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়রের স্ত্রী হাবিবুন নাহার মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি বাগেরহাট জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে রির্টানিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদারের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপি, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য তালুকদার আব্দুল বাকী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী রীনা তালুকদারসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, গত ২০ মে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক সাকিল আহসানের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন তার ভাগ্নে খুলনার দিঘলিয়ার চন্দনিমহল এলাকার শাহরিয়ার নাজিম। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত তিনি মনোনয়নপত্র দাখিল করেন নি।

গত সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সর্বসম্মতক্রমে বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের উপ-নির্বাচনে খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।

বাগেরহাট-৩ আসনে তালুকদার আব্দুল খালেক সংসদ সদস্য ছিলেন। খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি স্পিকারের কাছে তার সংসদ সদস্য পদ থেকে অব্যহতি নিয়েছিলেন। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে।

উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২৭ মে বাছাই এবং ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২৬ জুন।

রামপাল-মোংলা এই দুই উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন। দুই উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে মোট দুই লাখ ২৬ হাজার ২৪৯ ভোটার রয়েছে। পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ২৩৮ নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ১১জন । এই আসনের ৯০টি কেন্দ্রে ২৬ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial