বাগেরহাটে প্রতিনিধি সভায় এমপি শেখ হেলাল উদ্দিন
কেসিসি নির্বাচনে নৌকার বিরুদ্ধাচারণ করলে দল থেকে বহিস্কার
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে সরাসরি বা আকার ইঙ্গিতেও যদি দলের কোন নেতা-কর্মী নৌকার বিরুদ্ধাচারণ করে তাহলে দল থেকে তাকে বহিস্কার করা হবে। তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ১৫ মে কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ের লক্ষে রবিবার দুপুরে বাগেরহাট পৌরসভার অডিটোরিয়মে জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, তালুকদার আব্দুল খালেক মনোনয়ন চায়নি, ক্রয়ও করেনি। তাকে সরাসরি নেত্রী মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে সে হারলে নেত্রী হারবে। খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের বিজয়ী হলে ঐ দিনই বিএনপির কবর রচিত হবে। তাই নৌকাকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
বাগেরহাট সদর আসনের এমপি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস.এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজামান বাচ্চু, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, জেলা তাঁতী লীগের সভাপতি আব্দুল বাকী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, পৌর যুবলীগের সদস্য সচিব ফারুক তালুকদার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরীফা খানম, কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহ-ই আলম বাচ্চু প্রমুখ।
প্রতিনিধি সভায় জেলার ৯ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
