জমি দখল নিতে অবৈধ করাত কল স্থাপনের অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ নামাজপুর এলাকায় প্রতিপক্ষের জমি দখলের নিতে অবৈধ করাত কল স্থাপন করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, জেলার সদর উপজেলার নামাজপুর মৌজার এসএ ৪৪৭, খতিয়ানের ৪১২২ নং দাগ তথা বিএস ১০৫৯ এর সম্পত্তির মূল মালিক নামাজপুর এলাকার মোঃ হুমায়ুন কবির মোঘল ও তার শরীকগণ। কিন্তু উক্ত জমি দখলের জন্য নামাজপুর এলাকার মৃত আজাহার আলী মোঘলের পুত্র শহিদুল ইসলাম মোঘল ও মৃত আঃ কাদের শেখের পুত্র রুহুল আমিন শেখ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এবং বন আইন- ১৯৭২ উপেক্ষা করে সেই জমির উপরে কোন প্রকার লাইসেন্স বা ছাড়পত্র ছাড়াই একটি করাত কল স্থাপন করেছেন।
এ ব্যপারে হুমায়ুন কবির মোঘল জানান, আমাদের কাছ থেকে শহিদুল ও রুহুল এই জমিটি ভাড়া নিয়েছেন। বর্তমানে সেখানে অবৈধ করাত কল স্থাপন করে জমিটি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন।
এদিকে করাত কল স্থাপনে স্থানীয়দের নানা প্রকার ক্ষতি হচ্ছে বলে জানাগেছে। এ বিষয়ে ভুক্তভূগী এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন স্থানে লিখিত অভিযোগও করে কোন প্রতিকার পায়নি।
তবে অভিযুক্তরা জানান, করাত কলের লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। কিছু দিনের মধ্যে পেয়ে যাবো।
