উন্নয়নের জন্য দেশে স্থিতিশীল অবস্থা বজায় থাকা বাঞ্ছনীয় … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, উন্নয়নের জন্য দেশে স্থিতিশীল অবস্থা বজায় থাকা বাঞ্ছনীয়। উন্নয়ন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, উন্নয়নের কোন শেষ নাই। ঐক্যবদ্ধ অবস্থা অক্ষুন্ন রেখে আমাদের তাই উন্নয়নের চেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকার দক্ষিণ জুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের সাথে জাতীয় পার্টি-জেপি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে আরও বলেন, তেলিখালীসহ এ অঞ্চলের অবস্থান ছিল এক সময় যোগাযোগ দুর্গম। নৌপথে দীর্ঘ সময় নিয়ে এসব অঞ্চলে আমাদের আসতে হতো। এলাকার মানুষ উপজেলা সদরে, জেলা সদরে যেতে হলে পায়ে হেঁটে বা নৌকায় চলাফেরা করতেন। আজ সে অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। এ সব এলাকায় অনেক ব্রিজ-কালভার্ট, পাকা রাস্তা নির্মাণ করে গত ৩০ বছরের ধারাবাহিক উন্নয়ন চালিয়ে এলাকাবাসী সড়ক পথে চলাচল নিশ্চিত করা হয়েছে। তারপরও এখনও অনেক সমস্যা গ্রামের মানুষ মোকাবেলা করে। এ এলাকায় সুপেয় পানি অভাব রয়েছে। আমরা তেলিখালীসহ ভান্ডারিয়ার সকল ইউনিয়নে সুপেয় পানি সরবরাহ প্রকল্প হাতে নিয়েছি। আগামীতে মানুষ গ্রামে বিশুদ্ধ পানি পানের নিশ্চিত সুযোগ পাবে।
পানি সম্পদ মন্ত্রী বলেন, ১১ বছর আগে ঘূর্ণিঝড় সিডরে উপকূল অঞ্চলের বেড়িবাঁধ ব্যাপক ভাবে বিধ্বস্ত হয়। ইতিমধ্যে এই বাঁধ পুনর্নির্মাণ তথা ব্যাপক উন্নয়নে হাজার হাজার কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন চলছে। ইন্দুরকানি উপজেলার কঁচানদীর তীরের বেড়িবাঁধ মেরামত ও নির্মাণ কাজ বাস্তবায়ন শুরু হয়েছে। এক সময় আমরা ভান্ডারিয়া শহর রক্ষা বাঁধ নির্মাণ করে ছিলাম। এখন উপজেলার সকল ইউনিয়নে উন্নত বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পরে বিদেশ থেকে যে অর্থ এসেছে সে তুলনায় বর্তমানে বিদেশী অনুদানের হার বেশী হওয়ায় বেড়িবাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ সহজতর হচ্ছে। এই ধরণের সকল উন্নয়ন সম্পন্ন করতে এলাকাবাসীকে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ৩০ বছরে অবহেলিত দক্ষিণাঞ্চলের জন্য কেন্দ্র থেকে আমরা অনেক বরাদ্দ আনতে সক্ষম হয়েছি। আমাদের প্রতি মুরব্বীদের দোয়া রয়েছে। মনে রাখতে হবে দ্বন্দ্ব-সংঘাত, ঝগড়াঝাটি করলে উন্নয়ন বরাদ্দ প্রাপ্তি ব্যহত হয়। এখনও এলাকার অনেক সমস্যা রয়েছে যা দূর করতে হলে বিভক্তি, মতানৈক্য, রাজনৈতিক মতবিরোধের ঊর্ধ্ব উঠে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে¡ এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ প্রকল্পের পরিচালক মোঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য বাহাউদ্দিন বাদল, ইউপি সদস্য শহীদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক, শিক্ষক হারুন অর রশীদ, প্রবাসী শাহীন হাওলাদার, ইউপি সদস্য শাহজাহান হাওলাদার, ইউপি সদস্য মতিউর রহমান প্রমুুখ। এ সময় মঞ্চে ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইউএনও শাহীন আক্তার সুমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমদ্দার প্রমুখ।
এর আগে সকালে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভান্ডারিয়া উপজেলার পোনা নদী খনন কাজের উদ্বোধন করেন। পানি উন্নয়নের বোর্ডের মহা পরিচালক মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত মহা পরিচালক (পশ্চিম অঞ্চল) মোঃ মোসাদ্দেক হোসেন, প্রধান প্রকৌশলী (বরিশাল) মোঃ সাজেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বরিশাল) এম রমজান আলী, নির্বাহী প্রকৌশলী (পিরোজপুর) সাইদ আহমেদ প্রমুখ বিভাগীয় কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পিরোজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়ার পৌর কাউন্সিলর ইউসুফ আলী আকন প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় এ কাজের উদ্বোধন শেষে মন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর মন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপকূলীয় বাধ উন্নয়ন প্রকল্প, সিইআইপি-১, ফেজ-১ এর প্যাকেজ-২ এর আওতায় ভান্ডারিয়া উপজেলায় ফোল্ডার: ৩৯/২ সি এর ভেড়িবাধ, স্লুইস গেট, খাল পুনর্খনন এবং নদী ভাঙ্গন রোধে তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও মন্ত্রীর সাথে ছিলেন। প্রকল্পের পরিচালক মোঃ হাবিবুর রহমান পানি সম্পদ মন্ত্রীকে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ধারণা দেন।
পরে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শুক্রবার দুপুরে ভান্ডারিয়ায় কলেজ রোড-শাহাবুদ্দিন মাদ্রাসার সামনে শাখা রোড থেকে বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়-সরকারি কলেজ পর্যন্ত পৌরসভার রাস্তা পুননির্মাণ কাজের উদ্বোধন করেন। রাতে ভান্ডারিয়া হাসপাতাল ময়দানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে মন্ত্রী বাণিজ্য ও শিল্প মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টল ঘুরে দেখেন।
