পিরোজপুরে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার গ্রেপ্তার-৩
পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল- মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ ও আলী হোসেন।
শুক্রবার পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সুপার জানান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানকালে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় সন্দেহ ভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান ও মো. আল আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসা বাদে তারা জানায়, তারা একজনের কাছে ৩০ হাজার টাকায় একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রি করেছে। তাদের দেওয়া তথ্যানুযায়ী শুক্রবার ভোর ৬টার দিকে সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ইতালির তৈরি একটি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকার বেশ কয়েক ব্যক্তি উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দকরা হয়েছে এবং গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, অপরাধ দমনে পিরোজপুর জেলা পুলিশের এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
