মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রশাসন ও প্রভাবশালীরা অনৈতিক সুযোগসুবিধা নেয়ায় তাদেরকে ধরা যায় না : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর বলেছেন, মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে প্রশাসন ও প্রভাবশলীরা বিভিন্ন অনৈতিক সুযোগ-সুবিধা নেয়ায় তাদেরকে ধরা যায় না। তাই প্রশাসনের কাছে বলছি মাদক ব্যবহারকারী এবং মাদকের গডফাদার ও ব্যবসায়ী সে যে দলেরই হোক না কেন তাদের ধরে কঠিনতম শাস্তির আওতায় আনতে হবে।
শুক্রবার ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে পিরোজপুর টাউন ক্লাব মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজ শেষবারের মত সকল মাদক ব্যবসায়ি এবং মাদকসেবিদের সতর্ক করে দেওয়া হচ্ছে। পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে যে কোন পদক্ষেপ গ্রহন করা হবে।
আলোচনা সভার আগে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালকৃষ্ণ টাউনক্লাব স্বধীনতা মঞ্চে এসে মিলিত হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ পান্নালাল রায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারী জহিরুল হক প্রমুখ।
বক্তারা মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক মামলাকে একটি অজামিনযোগ্য মামলা হিসাবে নেয়ার জন্য সংসদে আইন পাশ করতে হবে। মাদক ব্যবসায়িদের সব ধরণের সামাজিক অনুষ্ঠান থেকে বর্জন করতে হবে।
অনুষ্ঠান শেষে মাদক বিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
