পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে পিরোজপুরসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
অধ্যক্ষ আলমগীর হোসেন ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যুক্ত। তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক হন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি হেরে যান।
এদিকে, অধ্যক্ষ আলমগীর হোসেনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
