পিরোজপুরের স্বরূপকাঠীতে গলাকাটা লাশ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় গলাকাটা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইটভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদী সংলগ্ন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পূর্ব সারেংকাঠি গ্রামের ২নং ওয়ার্ডে মামুনের ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে সন্ধ্যা নদীর তীরে থেকে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ইটভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি নেছারাবাদ (স্বরূপকাঠী) থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে লাশটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে গলা কেটে হত্যা করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
