প্রধান সূচি

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩

বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোংলা দিক থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনায় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মেহেনাজ মোশাররফ মেডিকেলে থাকা ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছেন।
কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial