তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে উজ্জীবিত পিরোজপুর বিএনপি : জেলা থেকে ঢাকায় যাবে ৩০ হাজার নেতা-কর্মী
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে পিরোজপুর জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক করে চলছেন।
সোমবার পিরোজপুরে জেলা বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকায় যাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং ঢাকায় যাওয়ার বিষয়ে জেলা বিএনপির সাবেক আহবায়ক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহবায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতা-কর্মী ও সমর্থকদের নির্ধারিত দিনের আগেই অন্তত ৬টি বড় লঞ্চ এবং শতাধিক বাসযোগে ঢাকায় সমাবেত করার উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন এবং তাকে বরণে ঢাকাযাত্রার আগে পিরোজপুরের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসরাম কিসমত জানান, তারেক রহমানকে বরণ করতে কর্মী-সমর্থকদের যাওয়া-আসার সুবিধার্থে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ৬টি বিশালাকায় লঞ্চ থাকছে, সেখানে রাতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া একদিন বাদে ২৫ ডিসেম্বর খুব সকালে শহর ও জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক বাস কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকায় রওনা হবে।
