প্রধান সূচি

পিরোজপুরে চলাচলের পথ বন্ধ

৪ গ্রামের হাজারো মানুষের চরম ভোগান্তি : সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-কলাখালী-স্বরূপকাঠি সড়কের মূলগ্রাম খালের ওপর নতুন ব্রীজ নির্মাণ স্থানীয় ৪ গ্রামের মানুষের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও উল্টো তা এখন পরিণত হয়েছে চরম দুর্ভোগে।
ব্রীজের পাশের পুরোনো সংযোগ সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় সদর উপজেলার ৫নং টোনা ইউনিয়নের টোনা, চলিশা, মূলগ্রাম ও তেসদাসকাঠী গ্রামের ৫ থেকে ৭ হাজার মানুষের জেলা সদরে যাতায়াত সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে পড়েছে। এ ঘটনায় বিকল্প সড়ক নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার দুপুরে পিরোজপুর-কলাখালী সড়কের পাশে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে নারী-পুরুষসহ কয়েক’শ মানুষ অংশ নেন।
‎স্থানীয়দের অভিযোগ, বর্তমানে চলাচলের কোন রাস্তা না থাকায় জরুরি প্রয়োজনে হাসপাতালে রোগী নিয়ে যেতে ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে ভিন্ন পথে ঘুরে যেতে হচ্ছে। এতে অনেক সময় চিকিৎসা পেতে দেরি হচ্ছে। বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে না পারায় চাষিদের উৎপাদিত শাকসবজি, ফলমূল নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমজীবী মানুষদের কাজে যেতে অতিরিক্ত ৪/৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে, এতে অতিরিক্ত ভাড়া ও সময়ের অপচয়ে আয় কমে গেছে। ব্রীজ নির্মাণ চলাকালীন সময় ব্যক্তিগত জমির ওপর দিয়ে অস্থায়ীভাবে মানুষ চলাচল করলেও ব্রীজটি চালু হওয়ার পর সেই পথটিও অনিশ্চয়তার মুখে পড়েছে। এতে টোনা ইউনিয়নের ৪টি গ্রামের মানুষসহ এখানে অবস্থিত দুটি আবাসন প্রকল্পের বাসিন্দাদেরও চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে গেছে।
‎অন্যদিকে, টোনা সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কুন্ডপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৪৭নং চর লখাকাঠি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক’শ শিক্ষার্থীর স্কুলে যাতায়াতও বিঘ্নিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বড় ধরণের সংকট তৈরি হয়েছে।
‎মানববন্ধনে বক্তারা বলেন, ব্রীজ নির্মাণ স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আমাদের দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ না হলে জনদুর্ভোগ চরমে পৌঁছবে।
‎টোনা গ্রামের বাসিন্দা মো. মোরসালিন বলেন, ব্রীজ হওয়া আমাদের জন্য ভালো, কিন্তু সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন হাসপাতালে রোগী নিয়ে যেতে পারছি না। আগে ১০ মিনিটে জেলা সদরে পৌঁছাতাম, এখন প্রায় ৪০ মিনিট লাগে। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারছে না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial