পিরোজপুরের ৩টি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১৩ নেতাকে ঢাকায় ডাকা হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ১৩জন নেতা ঢাকায় ডাকা হয়েছে।
বিএনপির এক সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে পিরোজপুরের এসব নেতাকে ডাকা হয়েছে।
দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাক পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির বর্তমান আহবায়ক ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান, পিরোজপুর জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব ও পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান এলিজা জামান।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) আসন থেকে ডাক পেয়েছেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবির, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আল বিরুনী সৈকত এবং সম্প্রতি বিএনপিতে যোগদানকারী ব্যবসায়ী ও ভান্ডারিয়া কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসাইন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসন থেকে ঢাকায় ডাক পেয়েছেন- মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন দুলাল, কেন্দ্রীয় বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) শাহজাহান মিলন, মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর এম মামুন।
আগামীকাল সোমবার বিকেল ৪টায় পিরোজপুর জেলার ৩টি আসনের মনোনয়নপ্রত্যাশীর এসব নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এসব নেতাদের ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানান, পিরোজপুর জেলার ৩টি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজনকে ঢাকায় ডাকা হয়েছে। মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমাকেও ফোন করে ঢাকায় ঢাকা হয়েছে। আগামীকাল সোমবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে থাকতে বলা হয়েছে। পিরোজপুর-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি সোমবার বিকেলে সেখানে বৈঠকে অংশগ্রহণ করবো। এ জন্য সোমবার সকালেই ঢাকায় রওয়ানা দিয়ে যাবো।
কাউখালী বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, বিএনপির দলয়ি মনোনয়ন প্রত্যাশীদের সোমবার ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চ্যুয়ালী বৈঠক করবেন বলে শুনেছি। ধারণা করা হচ্ছে বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীদের নানান নির্দেশনা দিবেন যে, যাকে মনোনয়ন দেওয়া হবে সবাই যেন ঐক্যবদ্ধভাবে তার সাথে থেকে কাজ করেন এবং ধানের শীষ প্রতিককে বিজয়ী করেন। যাদের ঢাকাতে ডাকা হয়েছে, তাদের মধ্যে থেকেই পিরোজপুরের ৩টি আসনে মনোনয়ন দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
দ্বীন মোহাম্মদ আরো বলেন, পিরোজপুর-২ আসনে দীর্ঘদিন ধরে জাতীয়পার্টি- জেপির আনোয়ার হোসেন মঞ্জু এমপি ছিলেন। এরপরে সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের মহিউদ্দিন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছে। এ আসনসহ পিরোজপুরের তিনটি আসনে দীর্ঘদিন ধরে বিএনপি জয়ী হতে পারেনি। তাই আগামী নির্বাচনে একজন সৎ, যোগ্য এবং দলের জন্য নিবেদিত নেতাকে মনোনয়ন দিলে এবং বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশোআল্লাহ পিরোজপুর-২ আসন তো বটেই পিরোজপুরের অন্য আসনগুলোতেও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা রাখি।
