পিরোজপুরে এডিবি’র স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
পিরোজপুর জেলায় চলতি আর্থিক বছরে এডিবি’র বরাদ্ধে বৈষম্য এবং বিগত সময়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ পিরোজপুরের উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট ভবনে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ এর জেলা সভাপতি মইনুল আহসান মুন্না।
লিখিত বক্তব্যে পিরোজপুর জেলায় চলতি আর্থিক বছরে এডিবি বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন মাত্র ১৩ কোটি টাকা বরাদ্দ দেয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়।
লিখিত বক্তব্যে মইনুল আহসান মুন্না বলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলায় এডিবির বরাদ্ধ সাড়ে ৪০০ কোটি টাকা, দ্বেবিদার উপজেলায় বরাদ্ধ ৩০০ কোটি টাকা দেয়া হলেও পিরোজপুরে ৬টি উপজেলার জন্য মাত্র ১৩ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। আমরা এই বৈষম্যের তীব্র প্রতিবাদ জানাই, পাশাপাশি বিগত দিনে লুটপাটকারী হোতাদের মুখোশ উন্মোচন ও তাদের আইনের আওতায় আনার দাবী করা হয়।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আফজাল হুসাইন লাভলু, মো. শাহদাত হোসেন, যুগ্ম সম্পাদক মো. নুরউদ্দিন, তানিয়া রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলীম খান, প্রচার সম্পাদক হাছিবুর রহমান, দপ্তর সম্পাদক অদিতি মন্ডল প্রমুখ।
